News Details
[
Back to Category]
পদ্মা সেতুর অনুদান নিতে দুটি একাউন্ট খুলছে সরকার
মন্ত্রীরা এক মাসের বেতন দেবেন
নিজস্ব অর্থায়নে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণে আগ্রহীদের কাছ থেকে দেশি ও বৈদেশিক মুদ্রায় অনুদান নিতে দুটি ব্যাংক একাউন্ট খুলছে সরকার। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যরা এক মাসের বেতন পদ্মা সেতু প্রকল্পে দেয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, পদ্মা সেতু প্রকল্পে অনুদান নিতে একটি একাউন্ট খোলা হবে যাতে আগ্রহী বাংলাদেশিরা দেশি মুদ্রায় তাদের ইচ্ছামাফিক অর্থ দিতে পারেন। আর দ্বিতীয়টি খোলা হবে প্রবাসীদের জন্য, যাতে তারা বিদেশি মুদ্রায় সহায়তা দিতে পারেন। এ দুটি একাউন্ট কীভাবে পরিচালিত হবে তার পদ্ধতি ও নীতিমালা চূড়ান্ত করার জন্য অর্থ বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সরকারি সিদ্ধান্তের পক্ষে জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন এবং যারা স্বেচ্ছায় অর্থ দিতে আগ্রহ দেখিয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার দেয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে সমপ্রতি তা বাতিল করে বিশ্বব্যাংক। এরপর প্রধানমন্ত্রী গত ৪ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা তুলে ধরেন। ৭৫০ মিলিয়ন ডলারের বন্ড ছাড়ার পরিকল্পনার কথাও তিনি বলেন। এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ প্রকল্পে সহায়তার ঘোষণা দেয়া হয়।
ওয়াকফ বিশেষ বিধান আইন
গতকালের মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত একমাত্র আইন ‘ওয়াকফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১২-এর খসড়া ভূমি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আরো সংশোধন ও পরিমার্জনের জন্য ফেরত পাঠানো হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার জন্য বিদ্যমান আইনে ভূমি হস্তান্তর ও উন্নয়নে তেমন কোনো স্বচ্ছ ব্যবস্থা নেই। তাই এসব সম্পত্তি কোনো কাজে লাগছে না। এ থেকে কোনো আয়ও হচ্ছে না। তাই ধর্ম মন্ত্রণালয় আইনটি সংশোধনের উদ্যোগ নেয়। সংশোধনীতে ভূমি হস্তান্তর, আয় ও উন্নয়নের বিষয়গুলো সুস্পষ্ট করা হয়েছে। যা ভবিষ্যতে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, হস্তান্তর ও উন্নয়ন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ করবে।
এছাড়া ২৯ থেকে ৩০ মে দোহায় অনুষ্ঠিত ‘যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ফোরাম’ বৈঠকে প্রধানমন্ত্রীর ও ১৬ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ মন্ত্রিপর্যায়ের বৈঠক এবং ১ থেকে ৩ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘শাংরিলা সংলাপে’ পররাষ্ট্র মন্ত্রীর অংশ নেয়ার বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে অবহিত করা হয়।
[ প্রথম পাতা ] 2012-07-17