News Details
[
Back to Category]
জুরি বোর্ডের সিদ্ধান্ত- ডিএসই-৩০ তালিকায় স্থান পাবে না জরিমানা হওয়া কোম্পানি
অনিয়মের কারণে জরিমানা হওয়া কোনো কোম্পানি ডিএসই-৩০ তালিকায় স্থান পাবে না। পাশাপাশি এ তালিকায় স্থান পেতে তালিকাভুক্তির সময় এবং মুনাফার চিত্র বিবেচনা করা হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত সেরা ৩০ কোম্পানি নির্বাচনে গঠিত জুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসইর সভাপতি রকিবুর রহমান গতকাল এ তথ্য জানান।
তিনি এ বিষয়ে বণিক বার্তাকে বলেন, ‘দেশের সেরা বিশেষজ্ঞদের নিয়ে এ জুরি বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে আমরা কোম্পানি নির্বাচনে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করছি। দুই মাসের মধ্যে সেরা কোম্পানি নির্বাচনের কাজটি শেষ হবে বলে আশা করছি।’ চলতি বছরের মধ্যেই প্রধানমন্ত্রীকে দিয়ে সেরা ৩০ কোম্পানিকে পুরস্কৃত করার ইচ্ছে রয়েছে বলেও জানান রকিবুর রহমান।
গতকালের বৈঠকে ডিএসই-৩০ তালিকা তৈরিতে প্রাথমিকভাবে কয়েকটি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। তালিকায় স্থান পেতে কোম্পানির তালিকাভুক্তির সময় ন্যূনতম পাঁচ বছর হতে হবে। পাঁচ বছর মুনাফায় থাকতে হবে। অন্যদিকে সর্বশেষ তিন বছরে যদি কোনো কোম্পানি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), স্টক এক্সচেঞ্জ, অথবা অন্য কোনো সরকারি সংস্থা দ্বারা জরিমানার স্বীকার হয়, তাহলে ওই কোম্পানি তালিকায় স্থান পাবে না। এ ছাড়া সিআইবি ক্লিয়ারেন্স না থাকলেও তালিকায় স্থান পাবে না। বিভিন্ন মাপকাঠিতে সেরা কোম্পানি নির্বাচন করা হলেও কোনো একটি সেক্টর থেকে যাতে বেশি কোম্পানি না আসে, সে বিষয়টিও খেয়াল রাখা হবে।
নিয়ম থাকলেও সেরা কোম্পানির তালিকা ডিএসই-২০ তৈরির পর আজ পর্যন্ত তা হালনাগাদ হয়নি। পরে ডিএসই-২০-এর পরিবর্তে ডিএসই-৩০ তালিকা তৈরির উদ্যোগ নেয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। ২০১০ সালে এ উদ্যোগ নিয়ে কমিটি গঠন করা হলেও শেষ পর্যন্ত তালিকা সম্পূর্ণ করা যায়নি। সেরা কোম্পানি নিয়ে ডিএসই-৩০ তালিকা তৈরির উদ্দেশ্যে চলতি বছর এ জুরি বোর্ড গঠন করা হয়। গত ২৫ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ এসইসির সাবেক চেয়ারম্যান এবি মির্জা মো. আজিজুল ইসলামকে আহ্বায়ক করে ১৫ সদস্যের এ জুরি বোর্ড গঠন করে। বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন— এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম, সিডিপির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ। গতকাল ডিএসইর জুরি বোর্ডে আরও তিনজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান একেএম রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ মুসা।
জুরি বোর্ড ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরি বিশ্লেষণ করে স্বাধীনভাবে শীর্ষ ৩০ কোম্পানি নির্বাচন করবে। এ শীর্ষ ৩০ কোম্পানি নির্বাচনে ডিএসইর কোনো ভূমিকা থাকবে না। ডিএসইর সভাপতি রকিবুর রহমান জুরি বোর্ডের সমন্বয় করেন।
সেরা ৩০ কোম্পানির তালিকা তৈরিতে মূল বিবেচ্য বিষয় হবে— কোম্পানির পরিশোধিত মূলধন, শেয়ারপ্রতি আয় (ইপিএস), প্রকৃত সম্পদ মূল্য (এনএভি), লভ্যাংশ ঘোষণা ইত্যাদি। বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড যেমন— ঋণ খেলাপি, কর না দেয়া অথবা পরিবেশদূষণের কারণে জরিমানা করা হয়েছে এমন কোম্পানিকে তালিকা থেকে বাদ দেয়া হবে। কোম্পানিগুলো যাতে ভালো কর্মকাণ্ডের মাধ্যমে এ তালিকায় আসতে পারে সে ব্যাপারে জুরি বোর্ড সচেষ্ট থাকবে।
সেরা কোম্পানির তালিকা তৈরিতে ডিএসইর পক্ষ থেকে প্রাথমিকভাবে বেশকিছু পরামর্শ দেয়া হয়েছে। এগুলোর সঙ্গে কিছু বিষয় সংযোজন বা বিয়োজন করা হবে। এ ছাড়া বোর্ডের সদস্যরা নিজেদের মন্তব্য দেবেন। বোর্ডে সবকিছু নিয়ে আলোচনার পর সেরা ৩০ কোম্পানি নির্বাচন করা হবে।
[ ] 2012-08-07