News Details
[
Back to Category]
লেনদেন বেড়েছে দুই বাজারেই
তিন ঘণ্টার লেনদেন শেষে গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক প্রায় অপরিবর্তিত ছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকালের অবস্থানেই স্থির থাকে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক মাত্র আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৪০১ পয়েন্টে।
সূচক প্রায় অপরিবর্তিত থাকলেও দিন শেষে দুই বাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে। ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেন আড়াই শ কোটি টাকা ছাড়িয়ে গেছে। গত ২৯ জুলাইয়ের পর গতকাল ডিএসইর লেনদেন আবারও আড়াই শ কোটি টাকা ছাড়াল।
মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম দেড় ঘণ্টার মধ্যে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে প্রায় চার হাজার ১৪০ পয়েন্টে ওঠে। এরপরই সূচকের পতন শুরু হয়। দিন শেষে সূচক প্রায় চার হাজার ৯২ পয়েন্টে আগের দিনের অবস্থানে নেমে আসে। এদিন ডিএসইতে ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৫টিরই দাম বেড়েছে, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৬০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২১ কোটি টাকা বেশি।
সিএসইতে গতকাল ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯৮টিরই দাম কমেছে, বেড়েছে ৭৪টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৯ লাখ টাকা বেশি।
এদিকে শেয়ারবাজারের তথ্যভান্ডার খ্যাত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) কারিগরি ত্রুটি ও এর পরিপ্রেক্ষিতে লেনদেন বন্ধের ঘটনা তদন্তে গঠিত কমিটি গতকাল তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। এই দিনই প্রতিবেদনটি নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে।
[ ] 2012-08-08