জমে উঠেছে ল্যাপটপ মেলা রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী ল্যাপটপ প্রদর্শনী ‘কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১২’ দ্বিতীয় দিনে ছিল ক্রেতা-দর্শনার্থীর ভিড়। মেলায় সকাল থেকেই দর্শনার্থীর আনাগোনা থাকলেও বিকাল থেকে ল্যাপটপের বিক্রি শুরু হয়। ছুটির দিন হওয়ায় গতকাল এসব দর্শনার্থীর সমাগম হয় বলে জানিয়েছেন আয়োজকরা। মেলায় ল্যাপটপ ও নেটবুকের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটারের দিকেও দর্শনার্থীর ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। বিভিন্ন স্টলে তারা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। মেলার সমন্বয়ক ফাবিয়ান খান জানান, মেলার প্রথম দিন সাধারণত দর্শনার্থী ল্যাপটপ দেখতে বা এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে আসে। সিদ্ধান্ত গ্রহণশেষে মেলার দ্বিতীয় বা তৃতীয় দিন সাধারণত তারা ল্যাপটপ কিনে থাকেন। গতকাল ছুটির দিন হওয়ায় সাধারণ দর্শনার্থী যেমন বেশি হয়েছিল, তেমনি বিক্রি-বাট্টাও ছিল অনেক বেশি। সরেজমিন মেলা প্রাঙ্গণে দেখা গেল দর্শনার্থীর উপস্থিতি। কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাড়াও অভিভাবকের সঙ্গেও অনেকে মেলায় আসছেন। বাবার সঙ্গে মেলায় বেড়াতে আসা ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী ফাতেমাতুজ্জোহরা তন্বী জানায়, বাবাকে অনেক দিন ধরে একটি ল্যাপটপ কিনে দিতে বলছিলাম। পত্রিকায় ল্যাপটপ মেলার খবর দেখে আজ কিনতে এসেছি। গতকাল মেলায় অনেকে বন্ধুদের সঙ্গে নিয়ে ল্যাপটপ দেখতে এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মানজুরুল করিম এসেছিলেন বন্ধুদের নিয়ে। জানালেন, ঢাকায় যতগুলো ল্যাপটপ মেলা হয়েছে, তার একটিও মিস করিনি। বন্ধুদের সঙ্গে নিয়ে নতুন সব ল্যাপটপের তথ্য সংগ্রহ করতে পারি এ ধরনের আয়োজন থেকে। বহনযোগ্য কম্পিউটার নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হচ্ছে আজ। রাত ৮টা পর্যন্ত মেলা চালু থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলার এবারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি। সহপৃষ্ঠপোষকতা করেছে এসার, আসুস, এইচপি ও স্যামসাং। মেলার প্রবেশ মূল্য ২০ টাকা। টিকিটের ওপর র্যাফল ড্রতে ল্যাপটপ, স্মার্টফোনসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ রয়েছে।