[ ] 2012-01-15 |
|
|
 |
|
দক্ষিণাঞ্চলে শীর্ষে মোটেল শৈবাল: ৬ মাসে আয় ১ কোটি ৭১ লাখ ৯৭ হাজার টাকা |
 |
দক্ষিণাঞ্চলে শীর্ষে মোটেল শৈবাল: ৬ মাসে আয় ১ কোটি ৭১ লাখ ৯৭ হাজার টাকা আবাসন ও বিনোদন সেবার পাশাপাশি লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে কক্সবাজারের মোটেল শৈবাল। বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আয়ের দিক দিয়ে দ্বিতীয় এবং দক্ষিণাঞ্চলে শীর্ষ অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠান। প্রথম অবস্থানে আছে হোটেল অবকাশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) শুধু এ মোটেল থেকে পর্যটন করপোরেশন আয় করছে ১ কোটি ৭০ লাখ ৯৭ হাজার টাকা। অথচ ২০১১-১২ অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা ২ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার টাকা। মোটেল শৈবালের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, গত অর্থবছরের প্রথম ছয় মাসে এ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন রেস্টুরেন্ট, কটেজ, লেক, বার, সুইমিং পুল ও বড়শি প্রতিযোগিতাসহ বিভিন্ন খাত থেকে আয় হয়েছিল ১ কোটি ১৪ লাখ টাকা। এ বছর তা বেড়ে ১ কোটি ৭০ লাখ ৯৭ হাজার টাকায় দাঁড়িয়েছে, যা এ মোটেল তৈরির পর থেকে সব অর্থবছরের আয়কে ছাড়িয়ে গেছে। তিনি জানান, সারা দেশে হোটেল অবকাশের অনেকগুলো আউটলেট থাকায় আয়ের দিক এটি শীর্ষে রয়েছে। অন্যদিকে সারা দেশে দ্বিতীয় এবং দক্ষিণ চট্টগ্রামে শীর্ষ অবস্থানে আছে মোটেল শৈবাল। পর্যটন করপোরেশন সূত্রে জানা গেছে, সুযোগ-সুবিধা এবং সেবার মান বাড়াতে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে চারতলা ভবন তৈরির সিদ্ধান্ত নেয় হয়েছে। ৫০টি তারকা মানের কক্ষের পাশাপাশি এ ভবনে থাকবে অডিটোরিয়ামসহ আধুনিক সুযোগ-সুবিধা। এরই মধ্যে নির্মিতব্য এ ভবনের দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন করেছে পর্যটন করপোরেশন। পর্যটন করপোরেশনের সূত্র অনুযায়ী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশে সমুদ্র সৈকতের অদূরে মোটেল সাগরিকা গড়ে তোলেন। পরবর্তী সময়ে এর নামকরণ করা হয় মোটেল শৈবাল। সুন্দর পরিবেশ, সেবার ভালো মানের কারণে এ মোটেলের সুনাম ছড়িয়েছে সারা দেশে। বর্তমানে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মোটেল শৈবাল। নুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন পূরণে মোটেল শৈবালের যাত্রা শুরু (সাবেক সাগরিকা), বর্তমানে সেই স্বপ্ন পূরণের দুয়ারে পৌঁছেছে এ প্রতিষ্ঠানটি। সরকারের সুনজর থাকলে বর্তমান মহাজোট সরকারের সময়েই সেই স্বপ্ন পূরণ সম্ভব। |
| |
|
| |