[ ] 2012-04-23 |
|
|
 |
|
বাংলাদেশের কোচ হতে আগ্রহীদের সংখ্যা বাড়ছে |
 |
স্টুয়ার্ট ল’র উত্তরসূরী হতে পারেন আরেক অস্ট্রেলীয়
জাতীয় ক্রিকেট দলের বিদায়ী কোচ স্টুয়ার্ট ল’র উত্তরসূরী হতে পারেন আরেক অস্ট্রেলীয়। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।
এশিয়া কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হতে আগ্রহীদের সংখ্যা বেড়েছে। একটা সময় ছিল যখন অনেক নামি-দামি কোচ বাংলাদেশ দলের দায়িত্ব নিতে চাইতেন না। তাদের প্রলুব্ধ করতে বিসিবিকে অনেক কাঠখড় পোড়াতে হতো। এখন সেসব কোচরাই মুশফিকুর রহিমদের দায়িত্ব নিতে চান আগ বাড়িয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্টুয়ার্ট ল’র শূন্যস্থান পূরণের জন্য আন্তর্জাতিক বিজ্ঞাপন দিয়েছে। আগামী ১৫ মে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ হলেও ইতিমধ্যে অনেক নামি-দামি কোচ বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ।
গতকাল রবিবার তিনি ইত্তেফাককে বলেন, ‘এশিয়া কাপে বাংলাদেশ দল ভাল পারফর্মেন্স করায় বেশ কিছু নামি-দামি কোচ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের সাথে অনেকের কথাবার্তা চলছে, আমরা আশাবাদী, ল’র জায়গায় ভালোমানের কোচ নিয়োগ দিতে পারবো’।
অস্ট্রেলীয় স্টুয়ার্ট ল নিজের পরিবারকে সময় দেয়ার কথা বলে জাতীয় দলের কোচ পদ থেকে ইস্তফা দিলে পদটি খালি হয়। আগামী ৩০ জুন তার চাকরির এক বছর মেয়াদ শেষ হবে। ইংল্যান্ড থেকে পরিবারকে নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন। সঙ্গত কারণেই তার উত্তরসূরী ঠিক করাটাই এখন বিসিবির কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেশীয় ক্রিকেটের নিয়ামকরা চান জাতীয় দলের জন্য ভালোমানের কোচ নিয়োগ দিতে।
ক্রিকেট সংশ্লিষ্ট মহলের দেয়া খবর অনুযায়ী ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স এবং ষ্টুয়ার্ট ল’র পর জাতীয় দলের দায়িত্ব নিতে আবারো কোন অস্ট্রেলীয়কে দেখা যেতে পারে এ পদে। বোর্ডের অপর একটি সূত্র অবশ্য জানায় যে, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া নয়, নিউজিল্যান্ড থেকে কোচ আনার পরিকল্পনা নিয়েছে বিসিবি।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এ তথ্যে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া থেকে কোচ নিয়োগ দিলে খারাপ কি? এশিয়ার কাউকে যে নিয়োগ দেব সে সুযোগ কোথায়। আপনি পাকিস্তানের দিকে তাকান। দেখবেন তাদের জাতীয় দলের কোচ হচ্ছেন বিদেশী। এশিয়ার দেশগুলো যেখানে দেশি কোচের পরিবর্তে বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে, আমরা সে দেশের কোচ কিভাবে নিয়োগ দেই। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রীনিজ, পাকিস্তানের মহসিন কামালও তো বাংলাদেশ দলের কোচ ছিলেন। এতে প্রমাণ হয় ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া নয়, অন্যদেশ থেকেও আমরা কোচ নিয়োগ দিয়েছি। তবে এখনি কিছু বলা সম্ভব নয়, আগামী ১৫ মের পর জাতীয় দলের নতুন কোচের নাম আমরা চূড়ান্তভাবে ঘোষণা করবো’।
ষ্টুয়ার্ট ল’র শূন্যস্থান কে পূরণ করবেন তা জানতে হলে আরো বিশদিন অপেক্ষা করতে হবে। তবে বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ার ডিন জোন্স ও ইংল্যান্ডের ডারমট অ্যালেক্সান্ডার রিভ বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছেন। ক্রিকেট অপারেশন্স কমিটি এই দুইজনের সাথে কথাও বলে রেখেছেন। কিন্তু কমিটির চেয়ারম্যান এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি।
ক্রিকইনফোতে দেয়া এক সাক্ষাত্কারে বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট ও ২৯টি ওয়ানডে খেলা রিভ। তিনি বলেন, ‘আমি বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহী, তবে তাদের কাছ থেকে অফিসিয়ালি কোন প্রস্তাব আসেনি আমার কাছে। বাংলাদেশ দলের কোচ হয়ে কাজ করাটা হবে চমত্কার। আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। এবং সেটি আগামী সেপ্টেমবরে শ্রীলংকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু হলে খারাপ কি’?
বর্তমানে ৫০ বছর বয়স্ক রিভ সমারসেটের কোচ হিসেবে কাজ করলেও তাকে নিয়ে বিতর্ক আছে। ২০০৫ সালে তার বিরুদ্ধে কোকেন ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) পুনে ওয়ারিয়র্সের হয়েও দায়িত্ব পালন করছেন তিনি। হংকং বংশোদ্ভূত এই ইংলিশ তারকা বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে বিবিসিতে কাজ করছেন।
অভিজ্ঞ ডিন জোন্সের কথাও বেশ জোরেসোরে শোনা যাচ্ছে। এই অস্ট্রেলীয়র সাথে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রাথমিক আলোচনা হয়েছে বলে অনুসন্ধানে জানা যায়। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক প্রভাবশালী পরিচালক জানান, মাসিক বেতন বেশি চাওয়ায় জোন্সকে নিয়ে ভাবছে না বিসিবি। ৫২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলা জোন্সও বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
বর্তমানে ৫২ বছর বয়স্ক এই অস্ট্রেলিয়ানকে বিসিবি এরপরও হাতে রেখেছে বলে জানা যায়। কেননা ল’র পরিবর্তে ভালোমানের কোচ নিয়োগ দিতে বিসিবি বেশি বেতন দিতেও রাজি আছে। |
| |
|
| |
|
|
|
|
|
|
Today's Other News
|
| Related Stories |
|
|
 |
|
|