পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান জাকা আশরাফ আগামী সপ্তাহে চেন্নাইয়ে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল দেখার আমন্ত্রণ গ্রহণ করেছেন। তার এই সফরে দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় বন্ধন পুনরায় শুরু করার ব্যাপারেও আলোচনার আশ্বাস পাওয়া গেছে।
জাকা আশরাফ সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৭ মে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য আইপিএলের ফাইনাল দেখার জন্য তিনি সেখানে যাবেন। উল্লেখ্য, তিন বছরেরও বেশী সময় ধরে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রয়েছে।
আশরাফ লন্ডনে সাংবাদিকদের কাছে বলেন, ‘‘দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার জন্য এটা অবশ্যই একটি ইতিবাচক ধাপ হিসেবে আমরা বিবেচনা করছি। এই আমন্ত্রণের সুবাদে আমি দুই দিনের জন্য ভারত সফরে যাচ্ছি এবং এই সফরকে কাজে লাগাতে চাচ্ছি। সুযোগ হলে আমি বিসিসিআই কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক আলোচনা সেরে নেব।”
এই আমন্ত্রণে আইপিএলের ফাইনাল দেখা প্রধান লক্ষ্য হলেও এই সুযোগে উভয় দেশই চাচ্ছে নিজেদের মধ্যে সিরিজ পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় আলোচনা করে কিছুটা হলেও সম্পর্ক স্বাভাবিক করতে।
মুম্বাইয়ে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার জের ধরে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ক্রিকেটীয় সম্পর্কও নষ্ট হয়ে যায়। ভারতের কেন্দ্রবিন্দু মুম্বাইয়ের এক হোটেলে ঐ হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন এবং এই হামলার পিছনে পাকিস্তানী জঙ্গী বাহিনীর সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে।
এদিকে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এ বছরের চ্যাম্পিয়নস লিগে পাকিস্তানের একটি দলও খেলতে পারবে। এই লিগে আইপিএলের শীর্ষ তিন দল ছাড়াও বিভিন্ন দেশের ঘরোয়া টি২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়নরা খেলার সুযোগ পেয়ে থাকে। গত মাসে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারী একদিনের সফরে ভারতে গিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এই ব্যাপারে অনুরোধ জানিয়ে আসছিলেন।
গত বছরের অক্টোবরে পিসিবি’র দায়িত্ব গ্রহণের পর থেকেই আশরাফ ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে আসছিলেন। কিন্তু বিসিসিআই’র পক্ষ থেকে কোন ইতিবাচক সাড়া না পাওয়ায় আলোচনা শুরু করা যাচ্ছিল না। জারদারির সফর সেই সুযোগকে সামনে নিয়ে এসেছে।- বাসস