দীর্ঘমেয়াদি ঋণ মূল্যায়নে শাহজালাল ইসলামী ব্যাংক ‘এএ’
দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ সক্ষমতায় শাহজালাল ইসলামী ব্যাংকের অবস্থান ‘এএ’। এর অর্থ কোম্পানিটি দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধে ভালো অবস্থানে রয়েছে। অন্যদিকে স্বল্পমেয়াদি ঋণ পরিশোধে ‘এসটি-টু’, যার অর্থ কোম্পানিটি স্বল্পমেয়াদি ঋণ পরিশোধেও সমমানে রয়েছে। কোম্পানিটির ঋণ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। গতকাল ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়। কোম্পানির ২০১১ সালের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে সিআরআইএসএল। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয় ২ টাকা ৬৩ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৭ টাকা ৭৮ পয়সা। প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে। ২০১০ সালে কোম্পানিটি ৩০ শতাংশ বোনাস শেয়ার দেয়। এ সময় কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয় ২০৭ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৫, সম্পদ মূল্য ১৯ টাকা ৭০ পয়সা। এদিকে গতকাল ডিএসইতে এ শেয়ারের দর কমছে ১ দশমিক ১৮ শতাংশ বা ৪০ পয়সা। দিনভর দর ৩৩ টাকা ৪০ পয়সা থেকে ৩৪ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৩৩ টাকা ৫০ পয়সায়। দিনশেষে দর হয় ৩৩ টাকা ৫০ পয়সা। এদিন ২ হাজার ৯১ বারে ৯ লাখ ৮৩ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৪৪৫ কোটি ৩০ লাখ টাকা।