[ ] 2012-05-23 |
|
|
 |
|
পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন গঠনে আহ্বান শ্রমমন্ত্রীর |
 |
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ট্রেড ইউনিয়ন চাপিয়ে দেয়ার বিষয় নয়। মালিকদের ট্রেড ইউনিয়নের প্রতি অনীহা ও ভীতি রয়েছে। তবে বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক শ্রম আইনে ট্রেড ইউনিয়নের বিধান রয়েছে। তিনি আরও বলেন, শ্রমিক সংগঠন ছাড়া শিল্প-কলকারখানা চলতে পারে না। পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন গঠনে মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। গতকাল বিজিএমইএ কার্যালয়ে পোশাক শিল্পে গুজব এবং নাশকতামূলক চক্রান্ত প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, হামীম গার্মেন্টে ট্রেড ইউনিয়ন থাকলে হয়তো এ ধরনের ঘটনা ঘটতো না। তবে তিনি গার্মেন্ট সমস্যার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, গার্মেন্ট শিল্পে ৪০ লাখ মানুষ কর্মরত। যার মধ্যে ৮০ শতাংশই নারী। ট্রেড ইউনিয়ন গঠনের আগে এ সম্পর্কে শ্রমিকদের সচেতন করতে হবে, যেন এটা বিফলে না যায়। মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেন, সব সমস্যা আমাদের জানা। তবে কতটুকু সমাধান করবো সেটা আমাদের বিবেচ্য। রাজনৈতিক ও দার্শনিক সঙ্কটের কারণে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সরকারকে চাপে রাখতে নানাভাবে ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন। পোশাক শিল্পের সমস্যা সমাধানের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের গোয়েন্দা বিভাগ শক্তিশালী করা এবং অভিযোগ ডেস্ক বসানোর পরামর্শ দেন তিনি। যেভাবেই হোক একটি ট্রেড ইউনিয়ন গঠনের দাবি জানান তিনি। শ্রমবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম বলেন, নিহত শ্রমিক নেতা আমিনুল সম্পর্কে কোনো তথ্য না দিতে পারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ ব্যর্থতা। তিনি বলেন, শ্রমিকরা বেতন না পেয়ে বা শারীরিকভাবে নির্যাতিত হয়ে শ্রমিক বিভাগে এসেও কোনো প্রতিকার পায় না। এছাড়া হাজার শ্রমিকের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তবে আশুলিয়া ঘটনার পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে তিনি দাবি করেন। এফবিসিসিআই সভাপতি একে আজাদ বলেন, আাামাদেরকে শ্রমিক নেতাদের সম্মান করতে হবে। ট্রেড ইউনিয়ন স্বীকৃত অধিকার; কিন্তু তার আগে আমাদেরকে বিষয়টি নিয়ে সচেতন হতে হবে। অনুষ্ঠানে সব গার্মেন্টস মালিক এখনই ট্রেড ইউনিয়ন করার সময় নয় বলে দাবি করেন। বিজিএমইএ সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব, বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মো. হাতেম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিজি আবদুস সালাম, শ্রমিক নেতা মন্টু ঘোষ, শাহ মুহাম্মদ আবু জাফর, লীনা ফেরদৌস, বাবুল আক্তার, আবুল হোসেন প্রমুখ |
| |
|
| |