সাহারাকে ২ হাজার কোটি টাকার জমির প্রস্তাব দিয়েছে স্বদেশ প্রপার্টিজ
সাহারাকে ২ হাজার কোটি টাকার জমির প্রস্তাব দিয়েছে স্বদেশ প্রপার্টিজ বিনিয়োগের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সফর করছেন সাহারা ইন্ডিয়া পরিবারের প্রতিষ্ঠাতা সুব্রত রায় ও তার প্রতিনিধি দল। এ উদ্দেশ্যে স্বদেশ প্রপার্টিজের জমি পরিদর্শন করেছেন তারা। স্বদেশ প্রপার্টিজ তাদের বাড্ডা ও খিলক্ষেতের প্রায় ৭০০ একর জমিতে আবাসন প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। এ জমির স্থানীয় মূল্য প্রায় ২ হাজার কোটি টাকা বলে স্বদেশ প্রপার্টিজ জানিয়েছে। জানা যায়, বিনিয়োগের জন্য সাহারা ইন্ডিয়া পরিবারের প্রথম পছন্দ আবাসন খাত। এবারের সফরে তাদের জমি পরিদর্শনের কথা ছিল। গতকাল স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের বাড্ডার সানভ্যালি ও ক্ষিলক্ষেতের স্বর্ণালী আবাসনের জমি সরেজমিন পরিদর্শন করেছে ভারতের বৃহত্তম এ প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সাহারা ইন্ডিয়া পরিবারের করপোরেট কমিউনিকেশন ম্যানেজার তিশাম ঘটক বণিক বার্তাকে বলেন, ‘স্বদেশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের জমি পরিদর্শনের কথা ছিল। এবারের সফরে শুধু স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের জমি পরিদর্শন কার্যক্রম শেষ করেছি। তবে এখনই কোনো ধরনের চুক্তি করছি না।’ জমি পরিদর্শনের বিষয়টি ছিল পূর্বনির্ধারিত এমন মন্তব্য করে স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক বলেন, ‘সফরের আগেই দুই প্রতিষ্ঠানের যোগাযোগ হয়েছে। সেই যোগাযোগের ভিত্তিতেই এ পরিদর্শন কার্যক্রম। এবারের সফরে কোনো চুক্তি হবে না। বলা যায় এ পরিদর্শনের মাধ্যমে আমাদের পরিচয় পর্ব শেষ হলো।’ জানা যায়, স্বল্প আয়ের মানুষের জন্য ভারতে সাহারা গ্রুপ প্রায় ২০ লাখ বাড়ি বানিয়েছে। গতকাল গণপূর্ত মন্ত্রণালয়ে চুক্তিশেষে বাংলাদেশেও এ রকম কিছু করা হবে বলে জানিয়েছেন সাহারা ইন্ডিয়া পরিবারের চেয়ারম্যান সুব্রত রায়। সাহারা গ্রুপ বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এসেছে। সুব্রত রায়সহ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার বিকালে ঢাকায় পৌঁছে। সূত্রমতে, আজ বিনিয়োগ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বিনিয়োগ পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় আলোচনার জন্য এক সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এ বিষয়ে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাসির উদ্দীন আহমেদ বলেন, এবারের সাক্ষাত্ বিনিয়োগ-সংক্রান্ত কোনো নিবন্ধন নিয়ে নয় বরং বিনিয়োগ-সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য একটি সৌজন্য সাক্ষাত্। তিশাম ঘটক জানান, এবারের সফরটি ছিল পরিচয় ও পরিদর্শনের। কোনো বিনিয়োগ চুক্তি তাড়াহুড়ো করে করবে না সাহারা ইন্ডিয়া পরিবার। প্রতিষ্ঠানটি আবার কবে সফরে আসবে ও বিনিয়োগ চুক্তি করবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের সফরের বিষয়গুলোর খুঁটিনাটি পর্যালোচনা ও আলোচনা করে আগামী সফরের পরিকল্পনা করা হবে।