আইপিএল-৫ এর শেষপর্যায়ে এসে শাহরুখ খানের সময়টা খারাপ পড়ে গেছে। জনসমক্ষে ধূমপান করার দায়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ তাকে শুধু নোটিশ দিয়েই ক্ষান্ত হয়নি, মুম্বাইয়ের এই স্টেডিয়ামে তাকে আজীবনের জন্য নিষিদ্ধও করা হয়েছে। তবে শাহরুখের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরের নেতৃত্বে এবারই সবচেয়ে ভালো করছে আইপিএলে। কেকেআরের এই সাফল্যের পেছনে সম্ভবত পাঁচটি কারণ রয়েছে : ১। সার্বিক বোলিং নৈপুণ্য এবং সুনীল নারায়ণ : আইপিএলের লীগ পর্বে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থানটা কেকেআর দখল করে মূলত অসাধারণ বোলিং নৈপুণ্যের কল্যাণে। বোলাররা কখনোই অতিরিক্ত রান খরচ করেননি। বোলিং ডিপার্টমেন্টের এই শক্তির প্রধান অস্ত্র ক্যারিবিয়ান অফ- স্পিনার সুনীল নারায়ণ। ২৪টি উইকেট দখলের পাশাপাশি তার ইকোনমি রেট অসাধারণ। তিনি ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.১৪ করে। চলতি আসরে কেকেআরের ম্যাচ উইনিং ক্রিকেটার হিসেবে নারায়ণকে আখ্যায়িত করলে অত্যুক্তি করা হবে না। ২। গম্ভীরের অসাধারণ নেতৃত্ব ও ব্যাটিং : কেকেআরের সাফল্যের পেছনে অন্যতম কারণ গৌতম গম্ভীরের নেতৃত্ব। গত মৌসুমে দলের দায়িত্ব নেয়ার পর থেকে গৌতম গম্ভীর একবারের জন্যও অধিনায়কত্বে ভুল করেননি। নিজে ৫৫০ রান করার পাশাপাশি দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। কলকাতার হয়ে তিনিই সর্বোচ্চ রানের মালিক। ৩। ফিল্ডিং : কলকাতার দলটার সাফল্যের তৃতীয় কারণ ভালো ফিল্ডিং। নাইটরা কোন ম্যাচেই খুব বড় স্কোর গড়তে পারেনি। অন্যদিকে প্রতিপক্ষকেও আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে দেয়নি। এর অর্থ হচ্ছে জয়ের জন্য প্রয়োজন ছিল অসাধারণ ফিল্ডিং। লীগ পর্যায়ে কলকাতার কাছে দিলি্ল ডেয়ারডেভিলসের ছয় উইকেটে পরাজয়ের পর বিজিত দলের অধিনায়ক বীরেন্দ্র সেহওয়াগও বিষয়টা স্বীকার করে বলেছিলেন, কলকাতার দুর্দান্ত ফিল্ডিংয়ের কাছেই তার দল পরাজিত হয়েছে। ৪। ঘরোয়া আসরের ক্রিকেটার : ভারতের ঘরোয়া আসরে ভালো করা ক্রিকেটারদের মধ্যে দেবব্রত দাস, মানভিন্দর বিশলা, রজত ভাটিয়া এবং ইকবাল আব্দুল্লাহ কেকেআরের সাফল্যে দারুণভাবে অবদান রেখেছেন। এদের প্রতি গম্ভীরের আস্থা এবং সমর্থন দুটোই ছিল। এই সমর্থনের প্রমাণ পাওয়া যায় চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার পর। গৌতম গম্ভীরকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেয়া হলেও তিনি সেটা তুলে দেন দেবব্রত দাসের হাতে। অধিনায়ক মনে করেছিলেন সেই ম্যাচ জয়ের পেছনে তার নিজের চেয়ে দেবব্রতর অবদানই বেশি ছিল। ৫। কোচের ভূমিকা : ডেভ হোয়াটমোর কেকেআরের দায়িত্ব ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হন শ্রীলঙ্কান ক্রিকেট দলের সাবেক কোচ ট্রেভর বেইলি। পর্দার পেছনে তার কুশলী পরিকল্পনাই যে কেকেআরকে আইপিএলে এগিয়ে নিয়ে গেছে এটা স্বীকার না করাটা হবে বোকামি। এনডিটিভি।