রাজশাহীতে এক গার্মেন্ট ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি ওই গার্মেন্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম ওরফে শরীফকে। বুধবার বিকালে তিনি অপহৃত হন বলে তার পরিবার থেকে দাবি করা হয়েছে। আর পুলিশ কর্মকর্তাদের দাবি শরিফুলকে স্বাভাবিক অবস্থায় উদ্ধার করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। পুলিশ জানিয়েছে, নগরীর আরডিএ মার্কেটের শরীফ গার্মেন্টসের মালিক শরিফুল ইসলামের ব্যবসায়িক লেনদেন ছিল রিপনের সঙ্গে। রিপন চায়না থেকে আমদানিকৃত এবং দেশীয় গার্মেন্টস সামগ্রী ব্যবসায়সরবরাহ করত শরিফুলের কাছে। এ বাবদ শরিফুলের কাছে প্রায় ৩৫ হাজার টাকা পেত রিপন। পাওনা টাকা নিয়েই মূলত দ্বন্দ্ব শুরু হয় তাদের মধ্যে। গত প্রায় ১০ দিন আগে পাওনা টাকার জন্য রিপন ও তার বন্ধু চপল দোকানে এসে প্রকাশ্যে শরিফুলকে গালাগাল করে। এ সময় শরিফুলকে মেরে ফেলারও হুমকি দিয়েছিল তারা। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছিল। এদিকে, বিষয়টি থানায় অবিহিত করার পর বোয়ালিয়া মডেল থানা পুলিশ অপহরণে জড়িত সন্দেহে রিপন ও চপলকে গ্রেপ্তার করে বুধবার সন্ধ্যায়। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, শরীফকে উদ্ধারে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার পরিবারের সদস্যরা। তারা বলছেন, পুলিশ তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই তারা বাধ্য হয়েই র্যাবের স্মরণাপন্ন হয়েছেন। বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ মোকাররম হোসেন দায়িত্বে অবহেলার কথা অস্বীকার করে বলেন, তারা শরিফুলকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে অবহেলার কোনো প্রশ্নই ওঠে না। শরীফকে উদ্ধারের জন্য মোবাইল ট্র্যাকিং থেকে শুরু করে সব ধরনের কৌশলই গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।