সিরাজগঞ্জে আবারো অ্যানথ্রাক্স রোগের সংক্রমণ ঘটেছে। গত ২ দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এ পর্যন্ত ২৭ জন অ্যানথ্রাক্স আক্রান্তের সন্ধান মিলেছে। জেলা স্বাস্থ্য দপ্তর রবিবার দুপুরে অ্যানথ্রাক্স আক্রান্তদের সনাক্ত করে বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শক দিলীপ কুমার সরকার জানান, তারা গ্রামে গিয়ে জানতে পেরেছেন পশ্চিমপাড়ার আব্দুস সামাদের একটি অসুস্থ গরু গত ২০ মে লোকজন কমদামে কিনে জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়। এই অসুস্থ গরুটি অ্যানথ্রাক্স আক্রান্ত ছিল বলে চিকিত্সা দলের ধারণা। আক্রান্ত ব্যক্তিরা সবাই ওই অসুস্থ গরুর মাংস খেয়েছিলেন। এদেরকে নিজ নিজ বাড়িতে চিকিত্সা দেয়া হচ্ছে। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সুর রায় জানান, এই রোগ যাতে আর বিস্তার লাভ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন নাজিম উদ্দিন খান অ্যানথ্রাক্স সংক্রমণের কথা স্বীকার করে বলেন, আক্রান্তরা ক্রমশঃ সুস্থ হয়ে উঠছে। এ নিয়ে ভয়ের কোন কারণ নেই। এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চলছে। আক্রান্ত গবাদি পশু জবাই ও মাংস না খাওয়ার জন্য জনগণকে অনুরোধ করা হচ্ছে।