গুগল সার্চের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অনেক পিছিয়ে ইয়াহু সার্চ। তবে তাই বলে বসে নেই ইয়াহু। নানান ধরনের প্রতিকূলতার মধ্যেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের অবস্থান বদলে দিতে। আর এরই ধারাবাহিকতায় এবার তারা নিয়ে এলো তাদের নিজস্ব ওয়েব ব্রাউজার ‘এক্সিস’। আইপ্যাড এবং আইফোনের জন্য পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন এবং ডেস্কটপ ওয়েব ব্রাউজার গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স এবং সাফারির জন্য প্লাগ-ইনস আকারে তারা এই ব্রাউজার চালু করেছে। ওয়েব সার্চের সময় নানান ধরনের লিংক ব্রাউজ করার চাইতে এই ব্রাউজারে সরাসরি কোনো ওয়েবসাইটে ঢোকা যাবে বলে এই ব্রাউজার ব্যবহার অনেক সুবিধাজনক বলে জানিয়েছে ইয়াহু। এই ব্রাউজারের সার্চ রেজাল্টে নানান ধরনের লিংকের তালিকা প্রদর্শিত হবে না। বরং এখানে সার্চ রেজাল্টে সরাসরি সাইটগুলোর থাম্বনেইল থাকবে। ফলে সরাসরি যেকেউ সাইটটিতে প্রবেশ করতে পারবে। আবার সার্চ রেজাল্টের অন্য সাইটগুলোও সহজেই পেজের উপরে বা নিচে গিয়ে দেখা যাবে। বিশ্বব্যাপী ইয়াহু সার্চের যে বিপুল পরিমাণ ব্যবহারকারী রয়েছে, তাদের লক্ষ্য করেই এই ব্রাউজার তৈরি করা হয়েছে বলেই জানিয়েছেন ইয়াহু সার্চ ইনোভেশন গ্রুপের ইথান বাট্রাসকি।