বিজ্ঞাপনে ভুল তথ্য উপস্থাপনে শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে
'টেলিভিশনে একটি চুইংগামের বিজ্ঞাপনে দেখা যায় বাচ্চাটি যতক্ষণ চুইংগাম খাচ্ছে ততক্ষণ সে গল্প বলছে। আর চুইংগাম ফুরিয়ে গেলেই তার গল্পও ফুরিয়ে যাচ্ছে।' এমন একটি বিজ্ঞাপনের কথা উল্লেখ করে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. আবু ইউসুফ ফকির বলেন, এ রকম আরো অনেক বিজ্ঞাপন বাচ্চাদের কাছে ভুল তথ্য উপস্থাপন করে তাদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের ড. মিলন মিলনায়তনে 'স্বাস্থ্য খাতে সুশাসন_ চাই কার্যকর দুর্নীতি প্রতিরোধ' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিজ্ঞাপনে ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য দেওয়া এক ধরনের 'দুর্নীতি'। ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজ্ঞাপনে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেওয়া অবশ্যই নিন্দনীয়। এটাকে প্রতিরোধ করতে হবে। এছাড়া তিনি হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তথ্য বিভ্রান্তি অনেক দুর্নীতির সুযোগ করে দেয়। এ কারণে সাধারণ রোগী যেমন প্রতারিত হয় তেমনি ডাক্তার ও কর্মচারীদের মধ্যেও বিড়ম্বনার সৃষ্টি হয়। ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ড. ইসমাইল খান বলেন, দুর্নীতি থাকলে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে না। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. কাজী দীন মোহাম্মদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুস্তাফিজুর রহমান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্মআহ্বায়ক ড. হাসানুর রহমান। ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং সোসাইটির (ডিএমসিডিএস) আয়োজনে এবং টিআইবির সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতায় আন্তঃক্লাব বাংলা, ইংরেজি এবং মেডিকেল এ তিন বিভাগে বিজয়ীরা হলেন_ যথাক্রমে ইনডিপিন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাব গ্রুপ অব ডিবেটরস এবং ডিএমসিডিএস।