গতকাল জাঁকজকমপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল পঞ্চম আইপিএলের। চিত্রজগতের নানা তারকার ঝলকানিতে আলোকিত হয়ে উঠেছিল গতকালের চিদাম্বারা স্টেডিয়াম। গতকাল কলকাতা এবং চেন্নাই সুপার কিংসয়ের ফাইনাল খেলা শুরু হওয়ার আগে তারকারা মাতাল পুরো আসর। তাদের মনোমুগ্ধকর পারফরমেন্সে আনন্দের জোয়ারে ভেসেছেন গ্যালারির দর্শকরা। খেলা শুরুর আগে তারকাদের এ ধরনের পারফরমেন্স দর্শক এবং ক্রিকেটার_ সবার মনের চাপ কিছুটা কমিয়ে দেয়। ক্রিকেটারদের মনের ভিতরের জমাট বাঁধা চিন্তার পাহাড় কিছুটা লাঘব করে। তারা সবাই আইপিএলের এই মনোমুগ্ধকর সমাপনী অনুষ্ঠান উপভোগ করে। আইপিএলে দর্শক মাতাতে আসে নানা তারকা। এর মধ্যে সব চেয়ে আকর্ষণীয় ছিল ক্যাটরিনা কাইফ, সালমান খান, শহিদ কাপুর। এছাড়াও শিল্পা শেঠির বোন সুমিতা শেঠির জন্যও দর্শকদের আকর্ষণের কোনো কমতি ছিল না। সমাপনী অনুষ্ঠানের পরতে পরতে ছিল উত্তেজনা। একে তো তারকাদের উত্তাপ, অন্যদিকে দর্শকদের মনে ফাইনালের উত্তেজনা। ক্যাটরিনা, সুমিতার মনোমুগ্ধকর নাচ শহিদ কাপুরের পারফরমেন্স, সালমান খানের দর্শক মাতানো, চারদিকে আলোর ঝলকানি_ এসব মিলিয়ে গতকালের আইপিএলের সমাপনী অনুষ্ঠানকে এক কথায় বলা যায় 'ফুল অন এন্টারটেইনমেন্ট'। এছাড়াও আইপিএলের এ অনুষ্ঠানে ভিন্ন মাত্র যোগ করে তারকাদের রেষারেষির নাটকীয়তা। অনুষ্ঠানে সালমান খানের পারফরমেন্স করার কারণে তা করেননি কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ_ এ ধরনের গুজব দর্শক মনে আরো আনন্দের খোরাক জোগায়। আর এ ধরনের গুজবের কারণে আবারো আলোচনায় উঠে আসে শাহরুখ। এবারের আইপিএলে তিনি নানা বিতর্কের জন্ম দিয়েছেন। আর শেষ মুহূর্তে আবারো আলোচনায় এসে বির্তকের সঙ্গেই এবারের আসর ছাড়তে হল তাকে। তবে দর্শকদের মনে আসল আনন্দ শুরু হয় কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যকার ব্যাট-বলের যুদ্ধ শুরু হলে। কার ঘরে উঠবে এবারের আইপিএলের শিরোপা। কে হাসবে শেষ হাসি? মনের মধ্যে এ প্রশ্ন আর টান টান উত্তেজনা নিয়ে মাঠের দিকে চেয়ে থাকে দর্শকরা।