সাহারা গ্রুপের সঙ্গে আবাসন চুক্তি দেশের জন্য হুমকি আমিনী
সাহারা গ্রুপের সঙ্গে আবাসন চুক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে বলে মতো প্রকাশ করেছে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। তিনি বলেছেন, সাহারা গ্রুপ ব্যবসার নামে এদেশের জন্য ইস্টইন্ডিয়ার ভূমিকায় অবর্তীণ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে লালবাগস্থ কার্যালয়ে ইসলামী আইন বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় তিনি এ কথা বলেন। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ কোম্পানির স্বাধীন অস্তিত্ব বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এতে দেশের আবাসন শিল্পের সঙ্গে সম্পৃক্ত লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বে, অর্থনীতি হুমকির সম্মুখীন হবে। বিডি নিউজ কার্যালয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে আমিনী বলেন, এ ঘটনা বাংলাদেশের ক্রম অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামান্য একটি চিত্র।