বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন ড. তারেক
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ তারেক বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন। আগামী ১৪ আগস্ট তিনি নতুন চাকরিতে যোগদান করবেন। বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলংকার বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন বর্তমান অর্থ সচিব। আগামী তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পাচ্ছেন। এ নিয়োগের জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনও দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে সরকার বিশ্বব্যাংকের কাছে বিকল্প নির্বাহী পরিচালক পদে ড. তারেককে নিয়োগের অনুরোধ জানায়। একই সময় বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির কাছে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে একটি চিঠি দেন। পরে ভারতের অর্থমন্ত্রী বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিলে বিশ্বব্যাংক ড. তারেকের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে বলে জানায়।
মর্মে জানায়। এ অবস্থায় ১৪ আগস্ট থেকে তিন বছরের জন্য এ নিয়োগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানায় অর্থ মন্ত্রণালয়। সূত্র জানায়, ড. মোহাম্মদ তারেক মূলত সরকারের অনুমোদনসাপেক্ষে প্রেষণে বিশ্বব্যাংকে চাকরি করবেন। বিশ্বব্যাংকের এ চাকরির মেয়াদ শেষে তার সরকারি চাকরির বয়সসীমা থাকলে তিনি আবার সরকারি চাকরিতে ফিরে আসবেন।