[ ] 2012-06-01 |
|
|
 |
|
বীমা কম্পানিকে আইডিআরএ জুন থেকে ব্যাংকের মাধ্যমে লেনদেন, নইলে শাস্তি |
 |
জুন থেকেই বীমার লেনদেন ব্যাংকের মাধ্যমে করতে হবে বলে বীমা কম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। যেসব কম্পানি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে না, জুলাই থেকে নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এম শেফাক আহমেদ অ্যাকচুয়ারি। বীমা খাতে নিয়ন্ত্রণহীনতার সুযোগ নিয়ে এত দিন নানা অনিয়ম চলত। নগদ টাকা লেনদেন করে এসব অনিয়ম করতেন বীমা কম্পানিগুলোর একশ্রেণীর কর্মকর্তা। এটা বন্ধ করতে সম্প্রতি ব্যাংকের মাধ্যমে লেনদেনের নিয়ম করে আইডিআরএ। গত বুধবার জীবন বীমা ও সাধারণ বীমা কম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবস্থাপনা পরিচালকরা জানান, আইডিআরএর নিয়ম মেনে অনেক কম্পানি ১৫ শতাংশ হারে কমিশন দিলেও কিছু কিছু কম্পানি এটা মানছে না। এতে পলিসি বেশি পাচ্ছে নিয়ম না মানা কম্পানিগুলো। তাঁরা আরো জানান, সেন্ট্রাল রেটিং কমিটি (সিআরসি) প্রবিধান পাস না হওয়ার কারণে ট্যারিফ রেটিংয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সাধারণ বীমা ট্যারিফনির্ভর এবং এই ট্যারিফের রেট পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বেশি। এ ছাড়া তাঁরা ব্যবস্থাপনা ব্যয় বাড়িয়ে ৪২ শতাংশ করারও দাবি জানান। সভায় এম শেফাক আহমেদ অ্যাকচুয়ারি বলেন, কমিশন যে হারে নির্ধারণ করা হয়েছে, সেই হারেই সবাইকে দিতে হবে। এই নির্দেশনা যারা মানছে না, তাদের কমিশন বেশি দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হিসেবে শাখাগুলোর লাইসেন্স বাতিল করা হবে। সিআরসির প্রবিধান পাস হয়ে গেলে রেটিংবিষয়ক সমস্যাগুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি সবার জন্য সাধারণ একটি সফটওয়্যার চালুর বিষয়ে মত দেন, যাতে কম্পানিগুলোর তথ্য পাওয়া সহজলভ্য হয়। এ ছাড়া বীমা কম্পানিগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন শতাংশের ভিত্তিতে না হয়ে নির্দিষ্ট বেতনভিত্তিক কাঠামোয় আসতে হবে বলে উল্লেখ করেন তিনি। সভায় জীবন বীমা কম্পানিগুলোর অতিরিক্ত কমিশন, ব্যবস্থাপনা ব্যয়, হিসাব-নিকাশপত্র উপস্থাপন, সম্পদের পুনর্মূল্যায়ন, ব্যবসায়িক বিনিয়োগ সীমা এবং তাকাফুল বীমা (শরিয়াহ্ভিত্তিক জীবন বীমা) বিষয়গুলো উঠে আসে। |
| |
|
| |