পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বোর্ড সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর আগের বছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪ দশমিক ৭২ টাকা। ঘোষিত লভ্যাংশ শেয়ার-হোল্ডারদের সম্মতিক্রমে পাশের জন্য আগামী ২৯ জুন প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুন। ব্যাংকিং খাতের এ প্রতিষ্ঠানটি ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটির মোট অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১ হাজার কোটি ও ৬৩৯ কোটি ৪০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট ৬৩ কোটি ৯৩ লাখ ৯২ হাজার ৫৭০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৬ দশমিক ৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৪৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬০ দশমিক ০২ শতাংশ শেয়ার।