‘আমাকে আমার মতো থাকতে দাও’—অটোগ্রাফ ছবির এই একটি মাত্র গান দিয়েই দারুণ পরিচিতি পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী অনুপম রায়। আজ শনিবার তিনি ঢাকায় আসছেন। সন্ধ্যায় গান করবেন বসুন্ধরা কনভেনশন সেন্টারে, মার্কেন্টাইল ব্যাংকের একটি অনুষ্ঠানে। গত বৃহস্পতিবার সকালে মুঠোফোনে কলকাতা থেকে অনুপম বলেন, ‘বাংলাদেশে প্রথম আসছি। তাই কয়েক দিন থেকেই নিজের মধ্যে অন্য রকম এক অনুভূতি কাজ করছে। অপেক্ষায় আছি, কখন ঢাকায় যাব।’ অনুষ্ঠানের আয়োজক হীরক দাশগুপ্ত জানান, ৩ জুন দেশ টিভির একটি অনুষ্ঠানে গান করবেন অনুপম। ওই দিন রাতেই সড়কপথে চলে যাবেন কক্সবাজারে। কোনো অনুষ্ঠান নয়, শুধু বেড়ানোর জন্য সেখানে যাবেন অনুপম। কলকাতায় ফিরে যাবেন ৫ জুন। গত মাসে অনুপম বাংলাদেশের চোরাবালি ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন। ছবিটি পরিচালনা করছেন রেদওয়ান রনি। অনুপম জানান, কলকাতার বাইশে শ্রাবণ ও চলো পাল্টাই ছবির পুরো সংগীত পরিচালনা করেছেন তিনি। এ ছাড়া গান করেছেন অনেক ছবিতে। এবার ভালোবাসা দিবসে বেরিয়েছে তাঁর একক অ্যালবাম দূরবীনে চোখ রাখব না। এ সপ্তাহে বেরিয়েছে তাঁর সুর ও সংগীত পরিচালনায় হেমলক সোসাইটি নামের একটি ছবির গানের অডিও অ্যালবাম।