আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জে উদ্বুদ্ধ হয়ে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন আবার। সেই চ্যালেঞ্জ নিতে আজই বাংলাদেশে চলে আসছেন রিচার্ড পাইবাস। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, আজ সন্ধ্যায় চলে আসার কথা বাংলাদেশের নতুন কোচের। নতুন শিষ্যদের নিয়ে কাল থেকেই ঝাঁপিয়ে পড়বেন কাজে। এখন জিম্বাবুয়ে সফরের ক্যাম্প চলছে বোলিং কোচ শেন জার্গেনসেনের দায়িত্বে। জিম্বাবুয়ে সফর দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পাইবাসের নতুন মিশন। সময় অবশ্য কমই পাচ্ছেন, জিম্বাবুয়ের উদ্দেশে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ১২ জুন। একটি প্রস্তুতি ম্যাচের পর জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। উদ্ভাবনী সব কোচিং পদ্ধতির জন্য খ্যাতি আছে পাইবাসের। দেখা যাক, বাংলাদেশের জন্য কোন অভিনব কোচিং পদ্ধতি কাজে লাগান পাইবাস!